ইউরোর ফাইনালে ইংল্যান্ড, লড়াই করে বিদায় ডেনমার্কের - onlinewebsite24

Wednesday, July 7, 2021

ইউরোর ফাইনালে ইংল্যান্ড, লড়াই করে বিদায় ডেনমার্কের

এই সময় ডিজিটাল ডেস্ক : একটা ছোট্ট ভুল। আর সেই ভুলেই ভেঙে গেল ডেনমার্কের যাবতীয় স্বপ্ন। ড্যানিশ ফুটবলার মেহলে হয়ত আজ নিজেকে ক্ষমা করতে পারবেন না। পেনাল্টি অঞ্চলের ওই বিপদজনক জায়গায় রহিম স্টারলিংকে হেভি ট্যাকলটা না করতেই পারতেন। পেনাল্টি শট নিতে আসেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। প্রথমবার তিনি পরাস্ত হলেও দ্বিতীয় প্রচেষ্টায় বল ডেনমার্কের জালে জড়িয়ে যায়। আর সেই সঙ্গেই সিংহের গর্জনে কেঁপে ওঠে গোটা ওয়েম্বলি স্টেডিয়াম। ২-১ গোলে জয়লাভ করে ইংল্যান্ড। আজ ম্যাচের শুরুতে গল্পটা কিন্তু একেবারে আলাদা ছিল। ৩০ মিনিটে ড্যামসগার্ডের গোলে এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। অসাধারণ একটা ফ্রি-কিক দেখল গোটা ফুটবল বিশ্ব। ড্যানিশ মিডফিল্ডারের বাঁকানো শটে ইংল্যান্ডের গোলরক্ষক হাত ঠেকালেও গোল বাঁচাতে পারেননি। ১-০ গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ৩৯ মিনিটে ডেনমার্কের আত্মঘাতী গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। ডেনমার্ক অধিনায়ক বলটা নিজের ফাঁকা জালের দিকেই ঠেলে দেন। ইউরো ইতিহাসে এই প্রথম ডেনমার্ক কোনও আত্মঘাতী গোল করল। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও দলই গোল করতে পারেনি। তবে ৫৫ মিনিটে ইংল্যান্ডের হ্যারি মিগুয়ের একটা দুরন্ত শট সেভ করেন দেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার শেমিচেল। সেকারণেই ইউরো ২০২০-র অন্তিম সেমিফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই বাজিমাত করল ইংল্যান্ড। গোল করার পর রাজকীয় উদযাপন করলেন হ্যারি কেন। দর্শকদের দিকে খানিকটা দৌড়ে এসে তিনি মাটিতে শুয়ে পড়েন। আর তাঁর উপরেই একে একে চেপে বসেন সতীর্থ ফুটবলাররা। আনন্দ করবেন নাই বা কেন হ্যারি কেনের আলোয় তখন গোটা ইংল্যান্ড ফুটবল দল জ্বলজ্বল করছে। এরপর ফাইনালের টিকিট কনফার্ম করা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি। ক্রিশ্চিয়ান এরিকসেনের স্বপ্ন পূরণ করতে পারল না ডেনমার্ক ফুটবল দল। চলতি ইউরো থেকে তাঁদের বিদায় নিতে হল। ফাইনালে আজুরিদের বিরুদ্ধে খেলতে হবে ব্রিটিশ ফুটবল ব্রিগেডকে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dTuEIb
via IFTTT

No comments:

Post a Comment