এই সময় ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে বৃষ্টিপাতের ভ্রুকুটি। গত কয়েকদিন ধরেই রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত, জানাচ্ছে আলিপুর। ঠান্ডা কমলেও মরশুমের 'দস্তুর' কোনওভাবেই বদলাচ্ছে না। আবারও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গজুড়েই হবে বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কবে থেকে বৃষ্টিপাত? কী জানাচ্ছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষ দিনে ভিজবে দুই বঙ্গই। ২০ তারিখ রবিবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। চলতি মরশুমে ভরা শীতেও ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। অকাল বর্ষণের জেরে বহুবার বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়া, কমেছে শীতের দাপট। এই নিয়ে শীতপ্রেমীদের মধ্যে বিস্তর আক্ষেপ ছিল। শীতের বিদায়ের মুহূর্তেও বৃষ্টিপাতই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে স্পষ্ট জানাচ্ছে আলিপুর। আজ কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবারের আগে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্র এবং শনিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। সকালের দিকে কলকাতা সহ জেলাগুলিতে দাপট দেখাতে পারে কুয়াশা। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের কথায়, কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে এই দু’দিন বড় কোনও বদল আসবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। আজ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা… উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি আজ মোটের উপর শুষ্ক থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে এদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ সমস্ত জেলাগুলিতেই।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/UXdOPqI
via IFTTT
No comments:
Post a Comment