এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী মার্চ-এপ্রিল মাসে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম মরশুম। আর সেইকারণেই শনিবার এবং রবিবার (১২ এবং ১৩ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে মেগা নিলাম অনুষ্ঠান রাখা হয়েছে। এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ইতিপূর্বে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দশটি দলই নিজেদেন রিটেনশন তালিকা এবং ড্রাফটে অন্তর্ভূক্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিয়েছে। কোথায় কখন দেখতে পাবেন এই মেগা নিলাম বেঙ্গালুরুতে আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস করবে। এছাড়া ক্রিকেট সমর্থকেরা এই অনুষ্ঠান ডিজনি-হটস্টারের অ্যাপ্লিকেশনে লাইভ দেখতে পাবে। দুপুর ১১টা থেকে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুরু হবে। নিলাম শুরু হবে দুপুর ১২টা থেকে। এই নিলাম সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট এবং খবর পাতায় আপনারা পেয়ে যাবেন। কীভাবে শুরু হবে এই নিলাম অনুষ্ঠান? নিলামের শুরুতেই মার্কি ক্রিকেটারদের মূল্য নির্ধারিত হবে। এই তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, কুইন্টন ডি কক, মহম্মদ শামি, কাগিসো রাবাদা, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট এবং প্যাট কামিন্স। এই ক্রিকেটারদের বেস প্রাইস ২ কোটি নির্ধারিত হয়েছে। তবে কোন ক্রিকেটারের উপরে কত টাকা ঢালা হয়, সেটা তো দুপুরবেলাই স্পষ্ট হয়ে যাবে। প্রথমদিন কতজন ক্রিকেটারের নিলাম হবে? মেগা অকশনের প্রথম দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ১৬১ জন ক্রিকেটারের নিলাম আয়োজন করা হবে। বাকি ক্রিকেটারদের নিলাম আয়োজন করা হবে পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি। আশা করা হচ্ছে, প্রথম দিন খ্যাতনামা ক্রিকেটারদের পেতেই ফ্র্যাঞ্চাইজিগুলো ঝাঁপাবে। মার্কি ক্রিকেটার ছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটারের উপরে বড় অঙ্কের দাঁও লাগানো হতে পারে। এবারের নিলামে পুরনো দলগুলোর কাছে রাইট টু ম্যাচ কার্ডটি থাকবে না। IPL-র এই আসন্ন মরশুমে দুটো নতুন দল যোগ দিতে চলেছে। লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানসের এন্ট্রির পর গভর্নিং কাউন্সিল এই রাইট টু ম্যাচ কার্ডটি মেগা অকশনে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। এই কার্ড থাকলে নতুন দুটো দলকে অনেকটাই লোকসানের মুখে পড়তে হত। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/06wpGvO
via IFTTT
No comments:
Post a Comment