মাদ্রাসায় প্রথম স্থানাধিকারী মালদার শারিফা খাতুন, উচ্চশিক্ষার জন্য চাইলেন মুখ্যমন্ত্রীর সাহায্য - onlinewebsite24

Monday, May 30, 2022

মাদ্রাসায় প্রথম স্থানাধিকারী মালদার শারিফা খাতুন, উচ্চশিক্ষার জন্য চাইলেন মুখ্যমন্ত্রীর সাহায্য

দু’চোখে স্বপ্ন, আর তা পূরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের () কাছে আর্জি জানাল মাদ্রাসায় (Madrasah Result 2022) প্রথম স্থানাধিকারী৷ মাদ্রাসায় প্রথম স্থান পেয়েই মুখ্যমন্ত্রীর কাছে উচ্চশিক্ষার জন্য সাহায্যের আর্তি জানাল শারিফা খাতুন৷ বড় হয়ে গাইনোকলজিস্ট হওয়ার ইচ্ছে৷ কিন্তু বাধ সেধেছে পরিবারের আর্থিক অবস্থা৷ কারণ তার বাবা যে সামান্য ঝালমুড়ি বিক্রেতা৷ বাবা তাঁর মেয়েকে পড়াশোনায় উৎসাহ জোগান ঠিকই, কিন্তু শারিফার উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা বাবার আর্থিক অবস্থাই৷ পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট শারিফার হাতেখড়ি হওয়া ইস্তক পড়াশোনায় নজর কেড়েছিল শিক্ষক শিক্ষিকাদের৷ তাঁরা শারিফাকে নিয়ে ছিলেন ভীষণ আত্মবিশ্বাসীও৷ শারিফা নিজেই জানায়, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই তাকে সবসময় বলতেন, সে মাদ্রাসায় দশ জনের মধ্যে থাকবেই৷ কিন্তু সে যে একেবারে প্রথম স্থানটাই দখল করে নেবে, এটা তো তাঁরা ভাবেননি৷ ভাবেনি সে নিজেও৷ এদিন মাদ্রাসার ফল বেরতেই বেশ আনন্দিত হয়েছেন বটতলা আদর্শ হাইমাদ্রাসার (High Madrasah Result 2022) শিক্ষক-শিক্ষিকারা৷ তাঁদের আশা পূরণ করতে পেরে খুশি শারিফাও৷ কিন্তু তার এই আনন্দের আড়ালেও লুকিয়ে রয়েছে করুণ কাহিনি৷ সে পড়াশোনা করে স্ত্রীরোগের চিকিৎসক হতে চায়৷ অন্তরায় বাবার আর্থিক অবস্থা৷ ফলে মুখ্যমন্ত্রীর কাছে উচ্চশিক্ষার জন্য সাহায্যের আবেদন জানাল ভাদোর বাসিন্দা শারিফা৷ শারিফা এদিন বলে, ‘‘আমি বড় হয়ে গাইনো চিকিৎসক হতে চাই৷ তবে বাবা সেভাবে স্বচ্ছল নয় আর্থিক দিক দিয়ে৷ তবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে, উচ্চশিক্ষার জন্য তাঁর কাছ থেকে যেন সাহায্য পাই৷’’ সে আরও বলেন, ‘‘এই স্কুল থেকেই প্রথম কলম ধরতে শিখেছি৷ শিক্ষকরা বলতেন তুমি এক থেকে দশের মধ্যে থাকবেই৷ আর বাড়িতে আব্বুই সবচেয়ে বেশি গাইড করত৷ লকডাউনে যখন সবাই পরীক্ষা হবে না বলে জানাত, তখন আব্বুই বলত পরীক্ষা হবেই৷ পড়াশোনা বন্ধ করে রাখতে হবে না৷ বাবা তেমন শিক্ষিত না হলেও, সবসময় আমাকে পড়াশোনায় উৎসাহ দিয়ে যায়৷’’ সারা দিনে ন’ ঘণ্টা করে পড়াশোনা করত বলে জানায় সে৷ মা সোয়েদা বিবিও সরকারি সাহায্যের আর্তি জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘মেয়ে চিকিৎসক হতে চাইছে৷ কিন্তু আমাদের টাকা পয়সা নেই৷ সরকার যদি দিতে পারে পড়াব ওকে৷ সরকারের কাছে আবেদন করছি সাহায্যের জন্য, মেয়েকে যেন ভালো করে পড়াতে পারি৷’’ মেয়ে রোজ রাত জেগে পড়াশোনা করত বলেও জানান শারিফার মা৷


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Av8hcyC
via IFTTT

No comments:

Post a Comment