এই সময় ডিজিটাল ডেস্ক: মুখে হাসি, গলায় 'লাভ বাইট'। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের আরও একটি ছবি ভাইরাল হওয়ায় মৌনতা ভাঙলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ভক্তদের অনুরোধ করলেন, যেন তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করা হয়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জ্যাকলিন লেখেন, 'আমার অত্যন্ত ব্যক্তিগত ছবি ছড়ানোর কাজ বন্ধ করুন। দয়া করে ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ করবেন না। এই সময়টা আমার কাছে খুবই কঠিন। এই দেশ এবং দেশবাসী আমাকে বরাবরই ভালোবাসা দিয়েছে। শ্রদ্ধা দিয়েছে। গণমাধ্যমের বন্ধুরাও পাশে থেকেছেন সবসময়। তাঁদের থেকে আমি অনেক কিছু শিখেছি। এই মুহূর্তে একটা খারাপ সময়ের মধ্যে আছি। আমি নিশ্চিত আমার বন্ধু, শুভানুধ্যায়ী আর ভক্তরা আমাকে এই সময়টা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করবেন।' তাঁর সংযোজন, 'বিশ্বাসের জায়গা থেকেই আমার ব্যক্তিগত ছবি না ছড়ানোর অনুরোধ করছি। ব্যক্তিগত কিছু জিনিস গোপন থাকাই শ্রেয়। ভালোবাসার মানুষের সঙ্গে আপনারা এমনটা নিশ্চয়ই করেন না। আমিও আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই। সেই জায়গা থেকেই অনুরোধ করছি, এমনটা করবেন না। আশা করি, ন্যায়বিচার হবে। আর মানুষের শুভ বুদ্ধি জাগরিত হবে। ধন্যবাদ।' এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের কমেন্ট সেকশন ডিসেবল করে দিয়েছিলেন অভিনেত্রী। ফলত ওই পোস্টের নিচে কমেন্ট করার সুযোগ পাননি তাঁর ফলোয়াররা। উল্লেখ্য, ২০০ কোটি টাকার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত সুকেশ চন্দ্রশেখর। তার বান্ধবী ছিলেন জ্যাকলিন। এমনটাই সূত্রের খবর। আর সেই কারণেই একাধিকবার তাঁকে তলব করেছে ED। এখনও পর্যন্ত তিনবার নিজের বয়ান রেকর্ড করেছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর ও সুকেশের বেশ কিছু পুরনো ফটোগ্রাফ ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিনও তেমনই একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যাচ্ছিল, জ্যাকলিনের কপালে চুমু খাচ্ছেন সুকেশ। আর তাঁর গলায় 'লাভ বাইট'-ও স্পষ্ট। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয় ফেবু থেকে ইনস্টা পাড়ায়। এতদিন ব্যাপারটি নিয়ে নীরব ছিলেন 'সিংহল সুন্দরী'। নানা মুনির নানা মত শুনেও মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু, এদিনের ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই নীরবতা ভাঙলেন তিনি। বাকিটা ব্যক্তিগত রাখার অনুরোধও জানালেন। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সূত্রের খবর, সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীকেও ঠকিয়েছিলেন। নিজেকে এক বেসরকারি চ্যানেলের মালিক হিসাবে পরিচয় দিয়েছিলেন। একটি ছবির অফারও দিয়েছিলেন জ্যাকলিনকে। পুলিশের হেফাজতে থাকাকালীন জ্যাকলিনের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। কিন্তু, প্রতারণার মামলার সঙ্গে অভিনেত্রীর কোনও যোগ নেই, সে কথাও স্বীকার করেছেন। এই মুহূর্তে চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা চলছে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3f5KyiU
via IFTTT
No comments:
Post a Comment